১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ -৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ- ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

মনু নদীতে ভাসছিল নারীর লাশ, পুলিশ বলছে মিয়ানমারের নাগরিক

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি মিয়ানমারের নাগরিকের।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, মরদেহের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। পারভীন ফাতেমা নামের আইডি কার্ডটিতে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

ভারত থেকে বহমান মনু নদীর সীমান্ত এলাকায় মিয়ানমার নাগরিকের ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, এর আগে অনেকবার এসব এলাকায় ভারত সীমান্ত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে চোরাইপথে প্রবেশকালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

শেয়ার করুন :